হাত-পা বাঁধা যুবকের লাশটি ফেলে দ্রুত চলে যায় মাইক্রোটি

আপডেট : ০৩ মে ২০২১, ০৩:৫৬ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হোড়গাঁতী এলাকায় নায়েব আলী (৩৪) নামের এক যুবকের হাত-পা ও চোখ বাঁধা লাশ রবিবার বিকেলে পুলিশ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলজোড় ডিগ্রি কলেজের কাছে ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাশে চলন্ত মাইক্রোবাস থেকে লাশটি ফেলে দেয় দুর্বৃত্তরা।

নায়েব আলী উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের অলিপুর গ্রামের রজব আলীর ছেলে।

এ বিষয়ে হোড়গাঁতী এলাকার স্কুলছাত্র হেলাল উদ্দিন জানান, একটি সাদা মাইক্রোবাস থেকে মহাসড়কের ওই স্থানে লাশটি ফেলে দিয়ে দ্রুত হাটিকুমরুল গোলচত্বরের দিকে চলে যায়। পরে গামছা দিয়ে হাত-পা ও চোখ বাঁধা লাশটি দেখে ৯৯৯ এ ফোন করে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা ও চোখ বাঁধা ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় মেলে।

এ ঘটনায় নিহতের বাবা রজব আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি জানান, সোমবার দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত  চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত