মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ সাইদুর রহমান মিলন (৪৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার গাংনী উপজেলার বামুন্দী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি চরগোয়াল গ্রামের আবদুর রহমানের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আবদুল মান্নান জানান, সাইদুর রহমান মিলন দীর্ঘদিন ধরে তার নিজ দোকানে বসে ইয়াবা কেনাবেচা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দল দোকানে অভিযান চালালে তার পকেট থেকে তিনটি ইয়াবাসহ ছোট্ট একটি প্যাকেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এভাবে প্রতিদিন ইউপি সদস্য মিলন ৫০-৬০ পিস ইয়াবা স্থানীয় যুবকদের মাঝে বিক্রি করেন। আবার বাইরে থেকে মাদক কারবারিরা এসে তার কাছ থেকে ইয়াবার বড় চালান কিনে নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
আবদুল মান্নান আরও জানান, মিলনের নামে আরও একটি মাদকের মামলা চলমান। এছাড়া একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি জামিনে রয়েছেন।
