নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরশ আলী (২৮) নামের এক পোশাক শ্রমিককে ছিনতাইকারীরা পিটিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের (বাংলা কেট) কারখানার সামনে এ ঘটনা ঘটে। সে গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার সোলেমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ছিনতাইয়ের শিকার আরশ আলী জানান, তিনি এওয়ান পোলার নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় বাংলা কেটের সামনে ৮/১০ জন ছিনতাইকারী তাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
স্থানীয়রা জানান, গার্মেন্টস শ্রমিকরা রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ এলাকায় প্রায়ই ছিনতাইকারীরা শ্রমিকদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
