পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে রাজভবনে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরই তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তিনি।
এ বার শুধু ‘দিদি’ নন, ‘মমতা দিদি’ সম্বোধন করে মোদি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন।’
রবিবার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরও তৃণমূল নেত্রী মমতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন তিনি। পাশাপাশি কভিড পরিস্থিতির মোকাবিলায় তার সরকারের প্রতি যাবতীয় সহযোগিতার হাতও বাড়িয়ে দেবে বলে কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস দিয়েছিলেন।
তবে সৌজন্যবশত ওই টুইটের পরেও মমতার দলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিজেপির কর্মী-সমর্থকদের ওপর সন্ত্রাস চালানোর অভিযোগও করেছিলেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে ফোন করে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং মোদি। এমনকি মমতার শপথের দিনেই দেশ জুড়ে অবস্থান কর্মসূচিতে বসার কথা ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।
মমতার রাজ্যে ভোটপ্রচারে এসে একাধিক বার ‘দিদি ও দিদি’ বলে দীর্ঘ টানে সুর করে আক্রমণ শানিয়েছিলেন মোদি। তবে রবিবার দুই-তৃতীয়াংশ আসনে জিতে টানা তৃতীয়বার বাংলার ক্ষমতা দখলের পর সেই সম্বোধনের বদলে টুইটে ‘মমতা দিদি’ লিখতে দেখা গেল মোদিকে।
