ডাকসুর সাবেক সম্পাদক আকতারের জামিন জজ কোর্টে নাকচ

আপডেট : ০৬ মে ২০২১, ০২:৪৫ এএম

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনকে জামিন দেয়নি জজ কোর্ট। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের ভার্চুয়াল আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়।

গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ১৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৫ মার্চ মতিঝিলে মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যায়।

এ ঘটনায় একই দিনে শাহবাগ থানায় একটি মামলা করেন পল্টন মডেল থানার এসআই রায়হান করিব ১৯ জনকে আসামি করে। এ ছাড়া গত ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার অভিযোগে শাহবাগ থানায় মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গত ২ মে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ভার্চুয়াল আদালত থেকে দুই দিনের রিমান্ডে রয়েছেন এই আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত