বাংলাদেশ থেকে অস্থায়ী ভিত্তিতে কৃষি শ্রমিক নিতে আগ্রহী গ্রিস। এ ছাড়া ১৫ হাজারের অধিক অনিয়মিত বসবাসকারী কৃষি শ্রমিককে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ গত বুধবার গ্রিসের অভিবাসনমন্ত্রী নোটিস মিতারাকির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মিতারাকি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে মিতারাকি তার দেশের বৈধ ও নিরাপদ অভিবাসনকে উৎসাহিতকরণে নীতিগত অবস্থান তুলে ধরেন। আসুদ আহ্মেদ গ্রিসের কৃষিক্ষেত্রে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনা করার জন্য মিতারাকিকে অনুরোধ জানান। এ জন্য বাংলাদেশের কৃষি শ্রমিকদের রেসিডেন্স পারমিট প্রদান করে অথবা কৃষি শ্রমিক হিসেবে নিবন্ধিত করার মাধ্যমে নিয়মিত করার প্রস্তাব দেন।
অভিবাসনবিষয়ক মন্ত্রী জানান, এ বছর গ্রিক সরকার ১৫ হাজারের বেশি অনিয়মিতভাবে বসবাসকারী কৃষি শ্রমিককে ওয়ার্ক পারমিট প্রদান করবে। তবে অনিয়মিতভাবে আসা অভিবাসীদের সব আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে সসম্মানে ফেরত পাঠানো হবে। বিপৎসংকুল পথে অনিয়মিত অভিবাসন এবং মানব পাচারের মতো অপরাধ প্রতিহত করার লক্ষ্যেই গ্রিক সরকারের এই শক্ত অবস্থান বলে জানান তিনি। তিনি জানান, গ্রিস বৈধভাবে কৃষি শ্রমিকদের নিয়োগে সহায়তা করতে প্রস্তুত। এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষি শ্রমিকদের দুই বছর মেয়াদি কৃষি ভিসা প্রদান করা যৌক্তিক হবে বলে তিনি মত প্রকাশ করেন।
