আজ ৭ মে। টাঙ্গাইলের মির্জাপুর গণহত্যা দিবস। একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মির্জাপুরে গণহত্যা চালিয়ে কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহা রবিসহ ৬৯ জন নিরীহ বাঙালিকে হত্যা করে। এবার করোনার সংক্রমণ বৃদ্ধিতে দিবসটিতে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।
মির্জাপুর গ্রামবাসী জানান, ২৫ মার্চের কালরাতের পর ৩ এপ্রিল রাজধানীর বাইরে মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান সাটিয়াচড়া নামক স্থানে। সেই যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী টার্গেট করে মির্জাপুরকে। একাত্তরের ৭ মে স্থানীয় কুখ্যাত রাজাকার মাওলানা আব্দুল অদুদের পরিকল্পনা ও সহযোগিতায় হানাদার বাহিনী দুটি কনভয়যোগে কুমুদিনী হাসপাতাল গেটের সামনে নামে। পরে প্রথমে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ^রী হোমসে প্রবেশ করে, সবাইকে জিম্মি করে শুরু করে হত্যাযজ্ঞ।
