কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে স্বামী সুজন মিয়া (২৮) আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া শহরের পঞ্চবটি বউ বাজার এলাকার জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহিন।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, সুজন পেশায় ছিলেন একজন রিকশা চালক। গত সাত বছর আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রীর নাম হুসনা বেগম। সুজন মাদকাসক্ত থাকায় প্রায়ই স্বামী-স্ত্রীতে কলহ চলতো। কিন্তু হুসনা কিছুতেই তার স্বামীকে এ মন্দাভ্যাস পরিত্যাগ করাতে পারছিলেন না।
এ কারণে গত এক মাস আগে স্ত্রী রাগ করে স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ায় সুজন মানসিকভাবে ভেঙে পড়েন। অভিমানে তিনি স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, পুলিশ খবর পেয়ে তার মরদেহ বাসা থেকে উদ্ধার করেছে। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা জানা যায়নি।
