ডুমুরিয়ায় ট্রাক্টরের দাপটে নষ্ট হচ্ছে সড়ক

আপডেট : ০৯ মে ২০২১, ১২:২৩ এএম

খুলনার ডুমুরিয়া উপজেলাজুড়ে দানবের মতো দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক ট্রাক্টর। প্রতিদিন অধিকাংশ ট্রাক্টর পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নদী খননের ও ফসলি জমির মাটি বহন করে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে। এ মাটি বিক্রি সম্পূর্ণ অবৈধ হলেও তা মানছে না কেউ। এভাবে মাটি পরিবহনে ওই সড়কগুলোর যেমন ক্ষতি হচ্ছে, তেমনি প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে উপজেলাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

সরেজমিনে উপজেলার ধামালিয়া, চেঁচুড়ি, কপালিয়া, মান্দ্ররা, ময়নাপুর, থুকড়া, শলুয়া, আমভিটা, শাহ্পুর, শোলগাতিয়া, সাজিয়াহাড়া, উলা, শরাফপুর, খর্ণিয়া, কাঁঠালতলা, চুকনগর ঘুরে দেখা গেছে, ওই এলাকার সড়কগুলোয় ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছে। দুটি ট্রাক্টর একে অপরকে অতিক্রম করার সময় সড়কে জটলা বাঁধছে। মাটি পরিবহনের সময় সড়কে ছড়িয়ে পড়ছে। ধুলো-ধোঁয়ায় অনেক পথচারীকে কাশতে দেখা গেছে।

এলাকাবাসী জানান, উপজেলার অধিকাংশ সড়ক ধরে মাটি পরিবহন করছে এসব ট্রাক্টর। মাটি পরিবহনে চালকের কাজ করছে কিশোর ও অল্প বয়স্করা। এসব চালকের নেই কোনো ড্রাইভিং লাইন্সেস। গাড়িগুলোরও নেই কোনো নিবন্ধন। অল্প বয়সী চালক হওয়ায় তারা বেপরোয়া হয়ে চালায়, আর প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, সড়কের ধারণক্ষমতা আছে ১২ টন। সেখানে দ্বিগুণ পরিমাণ মাটি ও বালির ট্রাক উঠিয়ে দেন তাহলে কি সড়ক থাকে?

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ দেশ রূপান্তরকে বলেন, মোবাইল কোর্ট চালিয়ে অর্থদ-ও করছি। এই লোকগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আমাদের অভিযান চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত