কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেয়াল ধসে চাপা পড়ে মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং মিজু (৪৭) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিক স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদের স্ত্রী।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় কাজ করার সময় ভাটার দেয়াল ধসে মদিনা বেগম নামে এক শ্রমিক চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এ সময় উপজেলার চকদৌলতপুর গ্রামের বাসিন্দা মিজু নামে অপর শ্রমিক গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
