অটো ছিনতাইয়ে চালকের গলা কেটে হত্যাচেষ্টা, আটক ১

আপডেট : ০৯ মে ২০২১, ০৩:২৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে।

অটো চালক দেলোয়ার হোসেন ওরফে ভূলু (২৪) উপজেলার যাত্রাপুর গ্রামের মো. মনিরুল হকের ছেলে। অপরদিকে আটক সাইফুল ইসলাম (২০) একই গ্রামের শান মিয়ার ছেলে।

পুলিশ ও চালক ভূলুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে অটোচালক ভূলুর পূর্ব পরিচিত সাইফুল ইসলাম তার সঙ্গীয় আরও দুই বন্ধু সদরের আলীরচর যাওয়ার কথা বলে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন।

পরে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক সাইফুল ও তার সঙ্গীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় বাধা দিতে গেলে সাইফুল তার হাতে থাকা ছুরি দিয়ে ভুলুর গলায় ও হাতে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তিনজনের মধ্যে সাইফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পরে তারা আশঙ্কাজনক অবস্থায় ভূলুকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। তিনি অটো চালক ভুলুকে ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করতে গিয়ে নিজেও আহত হয়েছে। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত