গত ৬ মে ছিল বিশ্ব পাসওয়ার্ড দিবস। দিনটিকে চমৎকৃত করতেই নতুন এক ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগে ব্যবহারকারীরা চাইলে কেবল এই সার্ভিস চালু হতো। কিন্তু এই ঘোষণার পরে ব্যবহারকারী না চাইলেও জিমেইলসহ গুগলের সমস্ত সার্ভিসে দ্বিস্তরী এই নিরাপত্তা ব্যবস্থা চালু হবে।
এর আগে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যবহারকারী চাইলেই কেবল চালু করতে পারত। কিন্তু এখন সবার জন্যই বিষয়টি বাধ্যতামূলক। ঘোষণার শুরুতেই গুগলের ২০০ কোটি ব্যবহারকারীর কাছে টু-স্টেপ ভেরিফিকেশন চালু সংক্রান্ত নির্দেশনা পৌঁছে গেছে। পর্যায়ক্রমে অন্যদের কাছেও এ ঘোষণা পৌঁছে যাবে।
গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মার্ক রিশার টু-স্টেপ ভেরিফিকেশনের গুরুত্ব সম্পর্কে বলেন, ‘অনেকেই হয়তো জানেন না শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভর হওয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ যেকোনোভাবে পাসওয়ার্ড বেহাত হতে পারে।’
নতুন কোনো ডিভাইস থেকে লগইন করতে গেলে সাধারণত দ্বিতীয় স্তরে ব্যবহারকারীর মোবাইল নম্বরে পাঠানো হয় একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অথবা ব্যবহারকারীর অন্যকোনো ডিভাইসে অথেনটিকেশনের জন্য নোটিফিকেশন পাঠানো হয়। যদি সেক্ষেত্রে ওটিপি দেওয়া না হয় বা অন্য ডিভাইসের নোটিফিকেশনে হ্যাসূচক কিছু না দেওয়া হয় তাহলে ব্যবহারকারী নতুন ডিভাইস থেকে লগ ইন করতে পারেন না।
