শত শত যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে ভিড়ল হাসনাহেনা

আপডেট : ১০ মে ২০২১, ১২:৪০ পিএম

ঈদের বাকি আর কয়েক দিন। ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ ছুটতে শুরু করেছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তাই রাজধানীসহ দেশের অন্যান্য জেলার মানুষের ঢল নেমেছে।

 দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, ছোট পিকআপ, ট্রাক নিয়ে ছুটছেন নিজ নিজ গন্তব্যে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ফেরি এবং ফেরিঘাটে যাত্রীরা মানছেন না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা হাসনাহেনা নামের একটি রো রো ফেরিতে প্রায় ৫শত যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে ভিড়ে। এর কিছুক্ষণ আগে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় যাত্রীশূন্য অবস্থায় ছেড়ে যায় রজনীগন্ধা নামের একটি ফেরি। মূলত এই ফেরিগুলো ছিল জরুরি সেবার জন্য যেখানে যাত্রীরা নিজেরাই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য উঠে পড়ছে।

উল্লেখ্য, এর আগে ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে শনিবার (৮ মে) ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চলাচল অব্যাহত রাখে ঘাট কর্তৃপক্ষ।

সর্বশেষ সকাল ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট থেকে একটি বড় ফেরি আমানত শাহ ও রো রো ফেরি রজনীগন্ধা পাটুরিয়ার উদ্দেশ্য ছেড়ে গেছে।অপর দিকে পাটুরিয়া থেকে যাত্রীবোঝাই করে ২ ফেরি চন্দ্রমল্লিকা ও হাসনাহেনা দৌলতদিয়া ঘাটে ভিড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত