মাগুরা সদর উপজেলার পার পলিতা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে গোলাম নবী (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে আকিদুল মোল্ল্যা অভিযোগ করেন, তাদের প্রতিবেশী হাফিজারের সাথে বাড়ির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক বার শালিস মীমাংসা হয়। কিন্তু অভিযুক্ত হাফিজার বিষয়টি না মেনে তার বাবাকে নানা হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ বুধবার সকালে হাফিজারের সাথে একই বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়।
এ সময় হাফিজার আমার বাবাকে দেখে নেয়ার হুমকি দেন। এর এক পর্যায়ে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পর ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ পড়ে থাকতে দেখি।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, পার পলিতা গ্রামে প্রতিবেশীর সাথে জমির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
