স্কুলের বারান্দায় যুবলীগ নেতার ধানের বস্তা

আপডেট : ১৮ মে ২০২১, ০৫:৪৬ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে একটি স্কুলের বারান্দা ও মাঠ ‘দখল’ করে ধান মাড়াইয়ের কাজ করছেন স্থানীয় এক যুবলীগ নেতা। উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় নামে ওই স্কুলের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের দাবি, কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে বারান্দা ও মাঠ দখল করে ধান মাড়াইয়ের মেশিন, বস্তাভর্তি ধান, খড়ের স্তূপ রেখে স্কুলঘরকে রীতিমতো গোয়ালঘরে পরিণত করেছেন যুবলীগ নেতা সাইফুল ইসলামসহ আরও কয়েকজন। 

অভিযুক্ত সাইফুল ইসলাম ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। ফটিকছড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ দিন ধরে ধান ব্যবসায়ী সাইফুল ইসলামসহ একাধিক ব্যক্তি মিলে বিদ্যালয়ের বারান্দা, মাঠ ব্যবহার করে ধান মাড়াইয়ের কাজ করছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের একপাশে চলছে মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ। অন্যদিকে বারান্দায় গাদা গাদা করে রাখা হয়েছে খড়-কুঁড়া। একটু সামনে যেতেই চোখে পড়ে বড় বড় ধানের স্তূপ। বস্তাবন্দি করে রাখা হচ্ছে মাড়াই করা ধান।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সৈয়দ বেলাল উদ্দীন বলেন, ‘কর্র্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্কুলের বারান্দা ও মাঠ ব্যবহার করে ধান মাড়াইয়ের কাজ করছে একটি চক্র। সম্প্রতি স্কুল ভবনের রং করাসহ নানা উন্নয়ন কাজ করা হয়েছে। খড়-কুঁড়ার স্তূপ ও ধান মাড়াইয়ের কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে অনুমতি না নিয়ে স্কুল মাঠ ও বারান্দা ব্যবহার করার কথা স্বীকার করেন তিনি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত