লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আনসার ক্যাম্প নামক স্থানে মালবাহী পিকআপভ্যান চাপায় রুবেল হোসেন (১৯) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের কাজিরখীল আনসার ক্যাম্প নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রুবেল হোসেন জেলার কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের রমিজের বাড়ীর রমিজ উদ্দিনের ছেলে।
রামগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মো. তাজুল ইসলাম জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপ রামগঞ্জ থেকে চাটখিলগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী রুবেল হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হসপিটাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
সিএনজি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে, দুর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যায়।
