একই দিনে ২ বিয়ে করলেন শাহজাদপুরের যুবক!

আপডেট : ১৮ মে ২০২১, ০৭:৫৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম রায়হান (২৫) এক দিনে দুই বিয়ে করেছেন। সোমবার দুপুরে চাপের মুখে তিনি প্রেমিক দাবি করা তরুণীকে বিয় করেন। এর কিছু সময় পর দ্বিতীয় বিয়ে করতে চার মাইক্রোবাস বোঝাই বরযাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হন।

 বিয়ের দাবীতে তার বাড়িতে অনশনরত প্রেমিকাকে (২০) ৬ লাখ টাকা যৌতুক মিটিয়ে গত সোমবার দুপুরে বিয়ের এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রেমিকা দাবি করা তরুণীকে মারধরের অভিযোগ ওঠে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী খাতুনের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, দলীয় প্রভাব খাটিয়ে ওই তরুণীকে মারধর করে রায়হানের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন লাভলী। তিনি রায়হানের সঙ্গে তরুণীর বিয়ে বানচালেরও চেষ্টা করেন। এ ঘটনায় এলাকাবাসী আওয়ামী লীগ নেত্রী লাভলীকে দল থেকে বহিষ্কারের জোর দাবী জানায়।

এ বিষয়ে পোরজনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ওসমান গণি, শুভ ব্যাপারী ও মনিরুল ব্যাপারী জানান, সোমবার শরিফুল ইসলাম রায়হানের সঙ্গে খুলনা জেলার এক মেয়ের বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। করোনার সংক্রমণ নিয়ে সরকারি বিধিনিষেধের মধ্যেই রায়হানের বাড়িতে শুরু হয় বিয়ের উৎসব। বিয়ের প্যান্ডেল ও বর আসন নির্মাণ সম্পন্ন হয়। উচ্চশব্দে বাজানো হয় গান। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ভিড়। এর মধ্যে রবিবার রাতে বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে এসে অবস্থান নিয়ে অনশন শুরু করে এক তরুণী (২০)। রায়হানের বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। এ নিয়ে উভয়পক্ষে হাতাহাতির ঘটনাও ঘটে। রাতভর চলে দেন দরবার। যা চলে সোমবার দুপুর পর্যন্ত। অবশেষে ছয় লাখ টাকা যৌতুক মিটিয়ে নয় লাখ টাকা দেনমোহরে রায়হানের সঙ্গে ওই তরুণী বিয়ে সম্পন্ন হয়। পোরজনা ইউনিয়নের কাজী মো. রিপন এ কাবিন সম্পন্ন করেন। এর কিছুক্ষণ পর রায়হান নববধূকে  বাড়িতে রেখেই চারটি মাইক্রোবাসে দ্বিতীয় বিয়ে করতে খুলনার উদ্দেশ্যে রওনা হন।

এ বিষয়ে ওই তরুণী জানান, এক বছর আগে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত নারায়নগঞ্জ মেডিকেল অ্যাসোসিয়েশনে রায়হান ও আমার মধ্যে একসঙ্গে কাজের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ ফেব্রুয়ারি রায়হান আমাকে খাগড়াছড়ি বেড়াতে নিয়ে যায়। সেখানে আমরা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত কাটাই। বিয়ের আশ্বাসে একাধিকবার আমার সঙ্গে দৈহিক করে। খাগড়াছড়ি থেকে ফিরে এসে সেবাড়িতে চলে আসে। মোবাইলে কথা হলে সে জানায় দ্রুত ফিরে গিয়ে আমাকে বিয়ে করবে। পরে আমি লোকমুখে জানতে পারি যে খুলনার এক মেয়েকে বিয়ে করছে। আমি ছুটে এসে রায়হানের সঙ্গে দেখা করি। সে আমাদের সম্পর্ক অস্বীকার করে। আমি নিরূপায় হয়ে বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নিই। আমাদের বিয়ের কাবিন সম্পন্ন হওয়ার পর রায়হান দ্বিতীয় বিয়ে করতে বরযাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী খাতুন বলেন, আমি কাউকে মারধর করিনি। দুপক্ষের মারামারি ঠেকাতে গিয়ে আমিও মার খেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত