বিশ্বে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যরে ৫৫ শতাংশই উৎপাদন করেছে মাত্র ২০টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তারা জলবায়ু সংকট বৃদ্ধি ও পরিবেশগত বিপর্যয় তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীনের পাশাপাশি বহুজাতিক কোম্পানিও রয়েছে বলে খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
এক্সনমোবিল হলো পৃথিবীর সবচেয়ে বড় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য প্রস্তুতকারক কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রায় ৫৯ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদনে ভূমিকা রাখছে। পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক ডাউ ৫৫ লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি করছে। এছাড়া চীনের তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের অবদান ৫৩ লাখ টন।
জরিপে দেখা গেছে, শীর্ষ ২০টি দূষণকারী কোম্পানির মধ্যে ১১টি এশিয়ার, চারটি ইউরোপের, তিনটি আমেরিকার, একটি করে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের। তাদের প্লাস্টিক তৈরিতে অর্থায়ন করছে শীর্ষস্থানীয় ব্যাংকগুলো।
