হে ইমানদাররা! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। মদিনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রাসুলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রাসুলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এ জন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তিও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যে কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না। সুরা তাওবা : ১১৯-১২০
সত্যকে মিথ্যার সঙ্গে না মেশানো
তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিয়ো না এবং জানা সত্ত্বে সত্য গোপন কোরো না। আর নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং নামাজে অবনত হও তাদের সঙ্গে, যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদের ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? সুরা আল বাকারা : ৪২-৪৪
সর্বদা সঠিক কথা বলা
হে মুমিনরা! আল্লাহকে ভয় করো এবং (সর্বদা) সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল-আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত (কোরআন) পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করে অস্বীকার করল এবং এতে ভীত হলো; কিন্তু মানুষ তা বহন করল। (এরপরও যারা কোরআন অস্বীকার করবে) নিশ্চয় সে জালেম-অজ্ঞ। সুরা আল আহজাব : ৭০-৭২
গ্রন্থনা : আবদুল আজীজ
