বরিশালে যাত্রীবাহী নৌযান চালুর দাবিতে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল নদীবন্দরে এ কর্মসূচি পালিত হয়। এরপর নদীবন্দরের পন্টুনের উত্তর প্রান্ত থেকে একটি মিছিল বের হয়ে বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় নৌযান চালুর পক্ষে নানা স্লোগান দেন তারা। অনতিবিলম্বে নৌযান চালু না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধরা।
নৌযান শ্রমিক ও নেতারা বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে গত ৫ মার্চ থেকে সরকারি নির্দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় টানা ৪৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা বেতন-বোনাস পাননি। দু-একজন লঞ্চ মালিক সামান্য কিছু টাকা দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় শ্রমিকদের পরিবার অসহায় জীবন যাপন করছে। আধাবেলা-একবেলা খেয়ে কোনো রকম বেঁচে আছে। অন্যদিকে সরকার করোনার মধ্যে আন্তঃজেলা বাস এবং বিমান চলাচলের নির্দেশনা দিয়েছে।
