বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এ সরকার আমলাতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘একজন নারী সাংবাদিককে সরকারি কর্মকর্তারা যেভাবে হেনস্তা ও নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া এবং কারাগারে পাঠানো উচিত ছিল।’
গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘সংবাদমাধ্যমে স্বাধীনতা অনুপস্থিত, একেবারেই নেই। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়।’
পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ও ঠাকুরগাঁও ৩ আসনের সাংসদ জাহিদুল ইসলাম, সহসভাপতি পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান হান্নু, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বারের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ।
