মাগুরায় কোয়ারেন্টাইনে ভারতফেরত ৩ জনের করোনা শনাক্ত

আপডেট : ২১ মে ২০২১, ০৪:৪৫ এএম

মাগুরায় ভারত থেকে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ১০১ বাংলাদেশি যাত্রীর মধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানোর পর গতকাল বৃহস্পতিবার তাদের ফলাফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত ওই তিনজনকে মাগুরা সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। তিনি আরও জানান, গত ৮ ও ৯ মে রাতে ১০১ বাংলাদেশি নাগরিক ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। যারা মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তাদেরকে প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ভারতফেরত এসব যাত্রীকে শহরের ঢাকা রোডে সৈকত হোটেল এবং পার্শ্ববর্তী হোটেল ঈগল ও ভায়না মোড়ের হোটেল মন্ডলে থাকার ব্যবস্থা করা হয়। হোটেলে অবস্থানরতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়। যার মধ্যে গতকাল ৬৭ জনের পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত তিনজনের মধ্যে পুরুষ দুজন, একজন নারী। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।

করোনা আক্রান্ত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে জানিয়ে সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘ভারতফেরত বাকি যাত্রীদের পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যাবে। আর করোনা আক্রান্তদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে আরও ৪০ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত