মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধার দুর্গম পাহাড়ি এলাকার রাঙ্গিছড়ার জাপান পুঞ্জি থেকে উদ্ধার করে আনা মহাবিপন্ন বনরুইটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীটি অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা শাহিদুল ইসলাম, বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থৌউনাোজাম, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা।
এর আগে গত বুধবার মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকা রাঙ্গিছড়া জাপান পুঞ্জি থেকে বন বিভাগের অভিযানে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ, র্যাব, পুলিশ ও পরিবেশকর্মীদের সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করা হয়। প্রাণীটিকে পুঞ্জির পাহাড়ি ছড়া থেকে বাড়িতে এনে রেখেছিলেন এক লোক।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বিশ্বব্যাপী বিপন্ন এবং বাংলাদেশে মহাবিপন্ন আরও বেশ কয়েকটি বনরুই এর আগে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে বিভিন্ন সময়। সে কারণে এখানে বনরুইটি সঙ্গী খুঁজে পাবে এবং বংশ বিস্তার করতে পারবে বলে আশা করছি।
