মাগুরা সদর উপজেলার রামদেরগাতি গ্রামের এক মাদ্রাসাছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কনের বাড়িতে পুলিশ গিয়ে তার অভিভাবকদের বিয়ে বন্ধের নির্দেশ দেন।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রামদেরগাতি গ্রামে এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন তথ্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংবাদ পেয়ে বিয়েবাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। বর মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের কাঠব্যবসায়ী। এ সময় কনের জন্মনিবন্ধন সনদে দেখা যায় তার বয়স ১৬ বছর। তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধের জন্য বলা হয় অভিভাবকদের। তবে বরপক্ষের কাউকে ওই বাড়িতে পাওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন কবির জানান, সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখানে বিয়ের সব প্রস্তুতি চলছিল। কনের বিয়ের বয়স পূর্ণ না হওয়ায় অভিভাবকদের বিয়ে বন্ধে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মেয়েকে বাল্যবিয়ে দেবেন না মর্মে তার বাবা মুচলেকা দেন।
