ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা নিজ দেশে ইসরায়েল বাহিনীর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া বরিশালে মানববন্ধন ও নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল : বাদ জুমা নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে মানববন্ধন করে খেলাফত মজলিস মহানগর শাখা। সংগঠনটির সভাপতি মাওলানা আবদুল কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক একেএম মাহবুব আলম, অধ্যাপক মোয়াজ্জম হোসেন, মাস্টার আব্দুল মজিদ এবং মুন্সি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নীলফামারী : জুমার পর শহর ও আশপাশের এলাকার মসজিদ থেকে পৃথক বিক্ষোভ মিছিল শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। বড় মসজিদের পেশ ইমাম খন্দকার আশরাফুল হক নুরীর সভাপতিত্বে এসময় বক্তৃতা দেন মাওলানা মুক্তি মো. হাবিবুল্লাহ, মাওলানা মো. আসাদুজ্জামান প্রমুখ।
ফরিদপুর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে মেডিকেল কলেজে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী এবং মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন ফিলিস্তিন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ আবু জাজ্জার।
