এয়ার ইন্ডিয়ার ৪৫ লাখ যাত্রীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

আপডেট : ২২ মে ২০২১, ১১:৪৭ এএম

বড় ধরনের সাইবার জালিয়াতির শিকার হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এই বিমান সংস্থার ৪৫ লাখ যাত্রীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

হাতিয়ে নেওয়া তথ্যগুলোর মধ্যে রয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর‌সহ ব্যক্তিগত তথ্য।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি স্বীকার করা হয়েছে। যাদের তথ্য চুরি হয়েছে, তাদেরকে এসএমএস করে জানানো হয়েছে বিষয়টি।

হিন্দুস্তান টাইমস জানায়, যাদের তথ্য চুরি হয়েছে, সেই সংক্রান্ত তথ্য এয়ার ইন্ডিয়া পেয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে। ২০১১ সালের ২৬ আগস্ট থেকে শুরু করে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ বছরের তথ্য চুরির অভিযোগ উঠেছে।

এই তথ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো- যাত্রীদের নাম, জন্ম তারিখ, টিকিটের তথ্য, পাসপোর্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, স্টার অ্যালায়েন্স ও এয়ার ইন্ডিয়ার ঘন ঘন উড়ানের তথ্য‌সহ বিশদ বিবরণ।

তবে কোনো পাসওয়ার্ডের ডেটা প্রভাবিত হয়নি বলে জানা গেছে। আরও জানানো হয়েছে, এই ঘটনায় সারা বিশ্বের প্রায় ৪৫ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে।

চলতি বছরে ফেব্রুয়ারিতে এই সাইবার হানা হয়েছে। প্রভাবিত হয়েছে এয়ার ইন্ডিয়ার সার্ভিস সিস্টেম প্রোভাইডার সিটা যেটি জেনেভায় অবস্থিত। সংস্থা জানিয়েছে, তারা ১৯ মার্চ তাদের ওয়েবসাইটে এই নিয়ে প্রাথমিক তথ্য দিয়েছিল।

তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ডের তথ্যের ক্ষেত্রে, সিভিভি বা সিভিসি নম্বরগুলো সংস্থার ডেটা প্রসেসরে রাখা হয় না। তাছাড়া সার্ভারের সব পাসওয়ার্ড পাল্টে ফেলা হয়েছে। এছাড়া সার্ভারগুলো সুরক্ষিত করার পর আর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।

ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তথ্য সুরক্ষার ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়া ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংকগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত