নানার বাড়ি বেড়িয়ে নিজ বাড়িতে ফেরার পথে লাশ হল ৮ বছর বয়সী মারিয়া মেহেরাজ নেহা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ম্যাজিক গাড়ির যাত্রী মারিয়ার মৃত্যু হয়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া ডুলাহাজারা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মাহবুবুর আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, মালুমঘাট স্টেশনে ম্যাজিক গাড়ি যাত্রী নামানোর জন্য থামে। এ সময় চকরিয়া থেকে যাত্রী নিয়ে কক্সবাজারমুখী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ম্যাজিক গাড়ির যাত্রী শিশু মারিয়া গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আহত শিশুকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারিয়া।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শাফায়াত হোসেন বলেন, শিশুটি নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। ম্যাজিক গাড়িতে মায়ের পাশে বসা অবস্থায় পেছন দিকে থেকে আসা যাত্রীবাহী বাস ম্যাজিক গাড়িকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় মারিয়া। পরে হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
