কেরানীগঞ্জে একদিনে দুই লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২১, ০৭:১২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এক দিনে ২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার কেরানীগঞ্জের শুভাঢ্যার পৃথক এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উত্তর পাড়া এলাকা থেকে মারুফ কাজী (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। বেগুন বাড়ি এলাকা থেকে উদ্ধার করা লাশের (৬০) পরিচয় শনাক্ত করা যায়নি।

নিহত মারুফের বড় বোন রেহানা আক্তার বলেন, তার ভাই স্ত্রী ও সন্তানসহ উত্তর পাড়া মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে থাকতেন। ভাই খুন হওয়ার খবর শুনে বাসায় এসে মারুফের স্ত্রী রিনা আক্তারের কাছ থেকে তিনি জানতে পারেন, রাতে মারুফ এক রুমে ঘুমিয়ে ছিল, রিনা তার ৭ বছরের মেয়ে নিয়ে আরেক রুমে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ধস্তাধস্তির শব্দ শুনে রিনা মারুফের রুমে আসলে দেখতে পায় ৭/৮ জন যুবক মারুফকে রড দিয়ে পিটাচ্ছে। যুবকরা এসময় রিনাকেও বেঁধে ফেলে। মারুফকে বেধড়ক পিটানোর পরে যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে রিনার চিৎকারে আশপাশের লোকজন এসে এ ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তবে রেহানা আরও বলেন, মারুফের স্ত্রী ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলছে। রিনার সাথে অন্য ছেলের সম্পর্ক ছিল। মারুফের সাথে বনিবনা হচ্ছিল না। দুজনই আলাদা রুমে ঘুমাত। রিনা আলাদা হতে চাচ্ছিল। শুধু মেয়েটির কথা বিবেচনা করে দুই পরিবার তাদের আলাদা করেনি। আলাদা হতে না পেরে রিনা পরিকল্পিত ভাবে তার প্রেমিককে দিয়ে মারুফকে খুন করিয়েছে।

মারুফের পিতার নাম মাসুম কাজী। মারুফ দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাব উদ্দিন কবির জানান, খুনের ঘটনাটা তদন্তাধীন আছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে শুভাঢ্যা বেগুনবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ভবঘুরের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই সাক্রাতুল ইসলাম জানান, গত ১৯ মে শুভাঢ্যা ফ্লাই ওভারের ওপর থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক লোক লাফ দেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে চিকিৎসা করে বেগুন বাড়ি এলাকাতেই ছেড়ে দেয়। ২ দিন ভালো থাকার পরে আজ সকালে সে মৃত্যুবরণ করে। তার নাম ঠিকানা জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত