নিখোঁজের চার দিন পর যুবকের অর্ধগলিত লাশ

আপডেট : ২৩ মে ২০২১, ০৬:৪৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল পশ্চিমপাড়া গ্রামের ধানক্ষেত থেকে পুলিশ নিখোঁজের চার দিন পর রবিবার দুপুরে আব্দুর রহমান (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

তিনি ওই গ্রামের মৃত শামছুল প্রামাণিকের ছেলে।

তার পরিবারের দাবি, বুধবার রাতের খাওয়া শেষে তার চাচা আব্দুর রহমান নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর ওই দিন গভীর রাতে দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর পরিচয় গোপন করতে লাশের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ এসিড দিয়ে পুড়িয়ে দেয়। তারপর লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের তিন চাচাতো ভাইকে আটক করেছে। তারা হলেন,ওই গ্রামের মৃত বাহাদুর প্রামাণিকের ছেলে আবুল কালাম (৪৫), আব্দুস সালাম(৫০) ও শহিদুল প্রামাণিকের ছেলে মনিরুজ্জামান(৪০)।

এ ছাড়া এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে নিহতর ভাতিজা বাঁধন প্রামাণিক (২০) জানায়, বৃহস্পতিবার সকালে তাকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই থেকে তিনি গত চর দিন ধরে নিখোঁজ ছিল। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়। রবিবার সকালে কৃষকেরা ধান কাটতে মাঠে যাওয়ার সময় একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে পায়ের স্যান্ডেল,পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে তার লাশ সনাক্ত করে। বাঁধন প্রামাণিক আরো জানান, পুলিশের হাতে আটক ব্যক্তিরা প্রায় এক মাস আগে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে তার চাচা আব্দুর রহমানকে হত্যার পর লাশ এসিড দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেয়। এ হত্যার সঙ্গে হুমকি দেওয়ার বিষয়টির পুরোপুরি মিল রয়েছে। তাই আমাদের সন্দেহ যে, এ হত্যায় তারাই জড়িত।

এ দিকে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে সিরাজগঞ্জের সিআইডি পুলিশের একটি ফরেনসিক দল লাশের ফিঙ্গার প্রিন্ট ও নানা আলামত সংগ্রহ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে  নিখোঁজ আব্দুর রহমানের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে সিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত