ঘূর্ণিঝড় ইয়াস: মোংলা বন্দর ত্যাগ করতে পারেনি বিদেশি ৪ জাহাজ

আপডেট : ২৫ মে ২০২১, ০১:৪৭ পিএম

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। মোংলা বন্দরে আসা বিদেশি ৪টি জাহাজের মঙ্গলবার সকালে পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার কথা ছিল। কিন্তু বন্দরের হিরণ পয়েন্টে থাকা পাইলট স্টেশন থেকে দুর্যোগের কারণে নিষেধাজ্ঞার বার্তা দেওয়ায় বিদেশি পতাকাবাহী চারটি জাহাজ বন্দর ত্যাগ করতে পারেনি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, গত ২৪ মে থাইল্যান্ড পতাকাবাহী জাহাজ সেনা, সেনা-৮ ও সুমি-৫ এলপিজি (তরল গ্যাস) নিয়ে মোংলা বন্দরে আসে এবং ইন্দোনেশিয়া পতাকাবাহী মিরাটুস পরনটালো জাহাজ কন্টেইনার নিয়ে আসে গত ২৩ মে। 

এসব জাহাজের পণ্য খালাস শেষে মঙ্গলবার বন্দর ত্যাগ করার কথা থাকলেও সমুদ্র উত্তাল থাকায় বন্দরের হিরণ পয়েন্ট ও সুন্দরী কোঠায় নিরাপদে শিফটিং করা হয়েছে।

তবে বন্দরে থাকা অন্যান্য সাতটি পণ্যবাহী জাহাজে পণ্য ওঠা-নামার কাজ চলছে, চার নম্বর সংকেত জারি না হওয়া পর্যন্ত পণ্য ওঠা-নামার কাজ বন্ধ করা হবে না বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত