যমুনায় অসময়ে ভাঙন

আপডেট : ২৫ মে ২০২১, ০৩:৪৩ পিএম

অসময়ে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ ভাঙনে তীরের প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।

মঙ্গলবার সকালে পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ভান্ডারবাড়ি বাজারের সামনে এই ভাঙন দেখা দেয়।

ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী বসতবাড়ি।

সরেজমিন দেখা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বহমান যমুনা নদী। গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে।

পানি বৃদ্ধির সঙ্গে নদীতে প্রবল স্রোত বইছে। এতে নদীর বুকে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে ঘূর্ণাবর্তে পড়ে ভান্ডারবাড়ি বাজারের সামনে নদীর তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ভাঙনে তীরের প্রায় ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙন ধেয়ে আসছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও যমুনা পাড়ের বসতবাড়ির দিকে। এতে যমুনা পাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, অসময়ে যমুনা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙনরোধ না করা হলে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধে আশ্রিতদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। নদী ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, যমুনা নদীর ভাঙনের বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খোঁজ নিয়ে ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত