৯৯৯ এ কল পেয়ে উদ্ধার ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলে

আপডেট : ২৫ মে ২০২১, ০৯:৩০ পিএম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝরের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে নয় জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর ভোলা-দৌলতখান সীমান্তবর্তী এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানান, নয় জেলে নিয়ে মায়ের দোয়া-৩ নামের একটি ট্রলার ভোলার মেঘনা নদীতে মাছ শিকারে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার সীমান্তবর্তী এলাকার মেঘনা নদীর তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা এক জেলে ৯৯৯ এ কল দেন। সেখান থেকে ভোলা ফয়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে সদর উপজেলার তুলাতুলি ঘাটে নিয়ে আসে।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯ থেকে আমাদের কাছ খবর আসে যে মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দুইটি ট্রলার নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। নদীতে প্রচণ্ড ঝড় ও তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারাটি ডুবে যায় বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত