আজিমপুরে চিরনিদ্রায় কবি হাবীবুল্লাহ সিরাজী

আপডেট : ২৬ মে ২০২১, ০২:১৪ এএম

রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। গতকাল মঙ্গলবার কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজার পর তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমি প্রাঙ্গণে জানাজা শেষে কবির পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। বাংলা একাডেমির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম লোকমান। আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবিতা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ রাইটার্স ক্লাব, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘হাবীবুল্লাহ সিরাজী একজন সফল প্রশাসক ছিলেন। এ ধরনের মানুষের মৃত্যু রাষ্ট্র, সমাজ এবং সংস্কৃতি অঙ্গনের ক্ষতি।’

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘সিরাজীর প্রশাসনিক দক্ষতার সঙ্গে যুক্ত হয়েছিল সৃষ্টিশীলতা। এই দুটো গুণ নিয়ে বাংলা একাডেমিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ছিল তার।’ শ্রদ্ধা নিবেদন শেষে বেলা পৌনে ১১টার দিকে হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার রাত ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবীবুল্লাহ সিরাজী। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন হাবীবুল্লাহ সিরাজী। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। কবি হিসেবে তিনি অধিক সমাদৃত।

কবির উল্লেখযোগ্য বই হলো কবিরাজ বিল্ডিংয়ের ছাদ, স্বপ্নহীনতার পক্ষে, সিংহদরজা, ছিন্নভিন্ন অপরাহ্ন, সারিবদ্ধ জ্যোৎস্না, সুগন্ধ ময়ূর লো, নির্বাচিত কবিতা, একা ও করুণা, মিশ্রমিল, বি ডি মিস্ত্রি ফেসবুক, সুবাসিত রক্তের গম্বুজ, শ্রেষ্ঠ কবিতা, কবিতা সংগ্রহ ১, কবিতা সংগ্রহ ২; কাব্যগ্রন্থ ‘ঈহা’। ৩৩টি কাব্যগ্রন্থ, ১০টি ছড়ার সংকলনসহ তিনি লিখেছেন দুটি উপন্যাস, অসংখ্য প্রবন্ধ।  হাবীবুল্লাহ সিরাজী একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান হাবীবুল্লাহ সিরাজী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত