জেরুজালেমে ফের কনস্যুলেট চালুর আশ্বাস যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৬ মে ২০২১, ১১:৩৭ পিএম

ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে ফের কনস্যুলেট জেনারেল চালুর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার এবং সংঘাতপূর্ণ গাজার পুনর্নিমাণে সহায়তার কথা জানিয়েছে ওয়াশিংটন।

পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের কনস্যুলেট জেনারেল পুনরায় চালু করবে।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার তেল আবিব সফরে গিয়ে এমন ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। যদিও কবে কনস্যুলেটটি পুনরায় চালু হচ্ছে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা বলেননি তিনি। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে স্বায়ত্তশাসিত ওই কনস্যুলেট দীর্ঘদিন ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করে দেন। জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার পর তিনি এর কার্যক্রম যুক্তরাষ্ট্রের দূতের অধীন করে দেন। মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পরই প্রথমে ব্লিংকিন সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের পুরনো বন্ধুরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে। এ সময় তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তায় বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত