ভারতে দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবার নেমেছিল ২ লাখের নিচে। বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিনই ফের ২ লাখ ছাড়াল। তবে মৃত্যু বুধবার থেকে একটু কমে ৪ হাজারের নিচে নেমেছে। আগের কয়েক দিনের মতো সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। মোট মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেল ৩ লাখ ১৫ হাজার।
এ সময়ে ভারতে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। সংক্রমণের হারও রয়েছে ১০ শতাংশের নিচে।
আরও বলা হচ্ছে, ভারতে এখন প্রতিদিন যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সুস্থ হয়ে উঠছেন। এর জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে সক্রিয় রোগী রয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন।
