বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

আপডেট : ২৭ মে ২০২১, ০৩:৪০ পিএম

বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃষ্টির কারণে ভেজা সড়কে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

নিহত মোটরসাইকেল চালক আনন্দ পাহান (২০) আদমদীঘি উপজেলার ইছুবপুর গ্রামের কার্ত্তিক পাহানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে তিনজন মোটরসাইকেলযোগে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন।

পথিমধ্যে ডহরপুর নামক স্থানে মোটরসাইকেলটি এক ট্রাককে অতিক্রম করতে(ওভারটেক) গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চালক ও আরোহী তিনজনই সড়কের ওপর পড়ে যান।

সেসময় পেছনে থাকা ট্রাকটির চাকায় পিষ্ট হন মোটরসাইকেল চালক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত অবস্থায় সঞ্জয় পাল ও কার্তিক পাল নামে দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির কারণে সড়ক ভেজা থাকায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে এই দুর্ঘটনা ঘটে। যুবকের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দু'জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত