নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাত ও মারধরে ইউসুফ মিয়া এবং সাফায়েত হোসেন নামে দুই যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ৫নং ক্যানাল এলাকায় ঘটনা দুটি ঘটে। ওই সময় ছিনতাইকারীরা দুজনের কাছ থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের শিকার ইউসুফ মিয়া জানান, বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ভুলতা এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসা দেশীয় অস্ত্রসহ ছয়জনের একটি দল তাকে মারধর করে ৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
অন্য ভুক্তভোগী সাফায়েত হোসেন জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ৫নং ক্যানাল এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ-ছয়জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে ১ হাজার ২০০ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
