নাসার ক্যামেরায় মঙ্গলের ঝলমলে মেঘ

আপডেট : ২৯ মে ২০২১, ০৬:১৩ পিএম

মঙ্গলগ্রহ থেকে ঝলমলে মেঘের ছবি তুলে বিজ্ঞানীদের চমকে দিয়েছে নাসার রোভার। বিজ্ঞানীরা বলছেন, এই ছবির সাহায্যে তারা মঙ্গলগ্রহ সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের অফিসিয়াল টুইটারে মেঘের ছবি পোস্ট করেছে।

ক্যাপশনে লেখা, ‘মাঝেমাঝে আপনাকে থামতে হয়, দেখতে হয় মেঘের চলা…মঙ্গলগ্রহে...এখানে মেঘাচ্ছন্ন দিন খুব বিরল। কারণ বায়ুমণ্ডল অনেক পাতলা এবং শুষ্ক। তবু আমি ক্যামেরা ধরে রেখেছিলাম।’

ছবিগুলো মার্চে ধারণ করা হলেও ২৮ মে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলে প্রায় এক দশক আগে প্রথম মেঘ দেখতে পান বিজ্ঞানীরা। জ্যোতির্বিদেরা ক্যামেরায় তোলা ছবিতে ২০১২ সালের মার্চে প্রথম ওই মেঘ দেখা যায়।

অস্বাভাবিক ওই মেঘ দেখে প্রথমে তারা ক্যামেরার ত্রুটি বলে ধরে নিয়েছিলেন। কিন্তু পরে আরও কয়েকজন জ্যোতির্বিদ সেই একই মেঘের উপস্থিতি শনাক্ত করেন। প্রায় ১০ দিন ধরে এই মেঘ গঠিত হয় এবং আকার পরিবর্তন করে। কয়েক সপ্তাহ পর একই ধরনের আরেকটি মেঘের দেখা পান বিজ্ঞানীরা।

এসব মেঘ মঙ্গলপৃষ্ঠের ১২৫ থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) ওপরে অবস্থান করে। এ ব্যাপারে নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, মেঘের উপস্থিতি পাওয়ার ফলে মঙ্গলগ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা পাল্টেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত