মোংলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আজ ৩০ মে থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তাদের মধ্যে ১৪ জনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। এ ছাড়া ২৯ মে নমুনা দেওয়া ৪২ জনের মধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে। গত দুই সপ্তাহ ধরে শনাক্তের হার বাড়ছে। গত দুই সপ্তাহের মধ্যে গতকাল শনিবার করোনায় আক্রান্তের হার সর্বোচ্চ ৭৩ দশমিক ৮০ শতাংশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে গত এক মাস নয় দিনে ১৮২ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২০ এপ্রিল থেকে মোংলায় র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। তিনি বলেন, এই মুহূর্তে কঠোর লকডাউনের কোনো বিকল্প নেই। কারণ গত সপ্তাহেও করোনা আক্রান্ত হয়ে এখানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখানে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছেন না কেউ। এ কারণে সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, সম্প্রতি করোনা সংক্রমণের হার বৃদ্ধি ও ক্রমান্বয়ে করোনা পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ আরোপ ছাড়া সংক্রমণ রোধ করা সম্ভব নয়। সে জন্য ৩০ মে রবিবার থেকে পরবর্তী আট দিন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
