কাপ্তাই বেড়াতে এসে নদীতে প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট : ৩০ মে ২০২১, ০২:৩৭ এএম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছেন তন্ময় দাশ (১৯) নামে এক কলেজছাত্র। গত শুক্রবার রাত ৯টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তন্ময় চট্টগ্রাম মহানগরের টাইগার পাস এলাকার সুবল দাশের ছেলে ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের আত্মীয় কৃষ্ণনাথ জানান, চট্টগ্রাম থেকে তন্ময়সহ নয় বন্ধু কেপিএমে তার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে যায় তারা। মন্দির দর্শনের পর বিকেল ৪টায় পার্শ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসলে নামে তারা। এ সময় চোখের পলকে নিখোঁজ হয়ে যায় তন্ময়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেয়। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস, কাপ্তাই নৌ ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি ও জেলা ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে সন্ধান করতে থাকেন। রাত ৯টার দিকে তন্ময়কে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, সাঁতার জানা না থাকলে কর্ণফুলী নদীতে গোসলের বিষয়ে প্রশাসন বারবার সতর্ক করে আসছে। এরপরও অনেকে বেড়াতে এসে গোসলে নেমে দুর্ঘটনার কবলে পড়ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত