কুড়িগ্রামের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২১, ১০:১৬ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুরা হলো অপু মিয়ার শিশু কন্যা সেফালী (৫), সাদ্দাম হোসেনের কন্যা সাদিয়া (৫) এবং জহুরুল ইসলামের কন্যা জেসমিন (৫)। নিহত তিন শিশুই সমবয়সী মামাতো ফুফাতো বোন।

এলাকাবাসী আব্দুল মালেক জানান, বাড়ির লাগোয়া সংকোষ নদীর একটি শাখা ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে যায় ওই তিন শিশু। সেখানে এক পর্ডায়ে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। অনেকক্ষণ ধরে তাদের সন্ধান না পাওয়ায়, অভিভাবকরা আশপাশে খোঁজ করতে থাকে। এ সময় নিহত সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দু’জনের মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পানি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

একই এলাকার উপেন্দ্র নাথ বলেন, নিহত তিনজনের মধ্যে সাদিয়া এবং জেসমিন চাচাতো বোন এবং সেফালী তাদের ফুফাতো বোন হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা তিনজন সারাদিন এক সঙ্গে থাকত, খেলাধূলা করত।

এই তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত