ভারতের হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। ওই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে এ ভয়ানক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ৬৫০ জন বলে জানিয়েছে এনডিটিভি।
সংবাদ সম্মেলনে মনোহর লাল খাত্তার বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের বেশি মানুষের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন। অন্যদিকে ৬৫০ জন চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বেশকিছু সরকারি হাসপাতালে ইতিমধ্যেই এসব ইনজেকশন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ছয় হাজার ইনজেকশনের শিশি হাতে পেয়েছি।
