গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র ভাওয়াল রাজবাড়ী ও আশপাশ এলাকার পাঠকদের হাতে পৌঁছে দেওয়া পত্রিকার হকাররা করোনা মহামারীর দীর্ঘ সময় ধরে নানা কষ্টে জীবিকা নির্বাহ করছেন। মহামারীর কারণে সংবাদপত্রের গ্রাহক ও পাঠক সংখ্যা কমে যাওয়ায় এই এলাকার অর্ধশত হকারের আয়ও কমে গেছে। এতে করে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সংবাদপত্রসেবীরা।
খোঁজ নিয়ে জানা যায়, মহামারী করোনার আগে জয়দেবপুর শহর ও আশপাশের প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ৪৯ জন হকার প্রতিদিন ১০ হাজরের বেশি পত্রিকা বিলি করতেন। করোনা মহামারীর কারণে তা এখন দাঁড়িয়েছে সাড়ে ছয় হাজারে। এখন অনেক কষ্টে পত্রিকার সরবরাহ চালিয়ে সুদিনের অপেক্ষায় আছেন তারা।
সংবাদপত্রের বিতরণকারী ইউসুফ খান দুঃখ করে বলেন, করোনার কারণে প্রতিদিন পত্রিকা বিক্রি কমেছে। গত দেড় বছর ধরে করোনা মহামারীর কারণে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ। বাসাবাড়িতে পত্রিকা আগের মতো রাখে না।
