ফের আফগানিস্তানের অধিনায়কত্বে পরিবর্তন

আপডেট : ০১ জুন ২০২১, ১২:২২ পিএম

আবারও জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে পরিবর্তন আনলো আফগানিস্তান। আসগর আফগানকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

তার পরিবর্তে টেস্ট এবং ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাসমতউল্লাহ শহীদিকে। তবে টি-টোয়েন্টি অধিনায়ক এখনো ঠিক করেনি এসিবি। শিগগিরই এই ফরম্যাটের অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে বোর্ড।

রশিদ খান টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন। অন্যদিকে আগের মতোই টেস্ট ও ওয়ানডেতে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রহমত শাহ।

গত মার্চে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারে আফগানিস্তান। পরে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে তারা। কিন্তু প্রথম টেস্টে আসগর আফগানের কিছু সিদ্ধান্ত পছন্দ হয়নি এসিবি’র। যার কারণে তার বিরুদ্ধে বোর্ডের তদন্তকারী কমিটি এক তদন্তে নামে। ফলশ্রুতিতে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব হারালেন আসগর আফগান। এক বিবৃতিতে এমনটাই জানায় এসিবি।

আফগানিস্তান ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলে গুলবাদিন নাঈবের নেতৃত্বে। তবে আসরে একটি ম্যাচও জেতেনি তারা। বিশ্বকাপ শেষে কয়েক মাস পর রশিদ খানের হাত ঘুরে তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব নেন আসগর আফগান। কিন্তু দ্বিতীয় দফায় ১৫ মাস দায়িত্ব পালন করতে পারলেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত