লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনাভাইরাসে মৃত্যুর নতুন যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা আগে প্রকাশিত তথ্যের দ্বিগুণ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, আগে যেটি মাত্র ৬৯ হাজার ৩৪২ জন দেখানো হয়েছিল।
আলজাজিরা বলছে, মৃত্যু বেড়ে যাওয়ায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ব্রাজিলের পরই রয়েছে পেরু। আর মোট জনসংখ্যা অনুপাতে করোনায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। দেশীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে পেরু করোনায় মৃত্যুর সংখ্যা হালনাগাদ করে। এতে দ্বিগুণ মৃত্যুর তথ্য আসার পর দেশটির প্রধানমন্ত্রী ভায়োলেটা বেরমুডেজ বলেন, ‘সঠিক তথ্য জানা জনগণের অধিকার। আর সেটি জানানো আমাদের দায়িত্ব।’ পেরুতে প্রায় সাড়ে ৩ কোটি মানুষের বসবাস। চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে মৃত্যুহার চরমে পৌঁছায়।
