পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের জনপ্রিয় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠান উপস্থাপনা থেকে বাদ দেওয়া হয়েছে দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরকে। এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সেনাবাহিনীর সমালোচনা করায় গত সোমবার চ্যানেল কর্র্তৃপক্ষ তাকে ওই অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দিয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।
হামিদ মির বলেন, ‘জিও নিউজ কর্র্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় জানিয়েছে আমি আর ক্যাপিটাল টক উপস্থাপনা করছি না। চ্যানেল কর্র্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছে। তবে এ চাপের পেছনে কারা রয়েছে, তারা জানায়নি।’
হামিদ মিরকে ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানের উপস্থাপনা থেকে বাদ দেওয়ার বিষয়টি জিও নিউজ কর্র্তৃপক্ষ আলজাজিরাকে নিশ্চিত করেছে। একই সঙ্গে তাকে সরিয়ে দিতে চাপ থাকার কথাও স্বীকার করেছে চ্যানেলটি।
গত সপ্তাহে ইসলামাবাদে নিজ বাড়িতে পাকিস্তানি সাংবাদিক আসাদ আলি তুরের ওপর হামলার প্রতিবাদে এক অনুষ্ঠানে হামিদ মির দেশটির সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কড়া সমালোচনা করেন।
এদিকে হামিদ মিরকে বাদ দেওয়ার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, হামিদ মিরের বিরুদ্ধে এ ‘শাস্তিমূলক ব্যবস্থা’ ব্যাপকভাবে সংবাদমাধ্যমের দায়িত্বকে খর্ব করেছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন অবিলম্বে উপস্থাপনায় ফেরত ও হামিদ মিরের বিরুদ্ধে হুমকি তদন্তের আহ্বান জানিয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের এশিয়া প্রোগ্রাম সমন্বয়ক স্টিভেন বাটলার এ ঘটনাকে পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতার ঘাটতির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।
