নাটোরে হঠাৎ লাফিয়ে বেড়েছে করোনা সংকমণের হার। সংক্রমণের শতকরা হার বেড়ে ৫৩ ভাগে উঠেছে। গত দু’দিন আগে যা ছিল ২৫ ভাগের মধ্যে। মঙ্গলবার ৩১ নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ আসে। গত ২৪ ঘণ্টায় ৪৫ নমুনা পরীক্ষা করলে আরো ২৩ জন করোনা আক্রান্ত বলে জানা যায়।
করোনায় দু’দিনে মৃত্যু হয়েছে ১ জন করে। এ নিয়ে বুধবার পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের ৩১ বেডের সবগুলোই রোগীতে পূর্ণ হয়ে গেছে। বর্তমানে ৩১ বেডের মধ্যে ৩২ জন ভর্তি রয়েছেন করোনা ওয়ার্ডে।
তবে সেন্ট্রোল অক্সিজেন এবং সিলিন্ডার অক্সিজেনের কোনো সংকট নেই বলে জানান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার।
করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে নাটোর পৌর এলাকার সাতটি মহল্লা। সেগুলো হলো নাটোর শহরের নিচাবাজার, লালবাজার, কাপুড়িয়া পট্টি, পটুয়াপাড়া, কান্দিভিটা এবং মল্লিকহাটি। এসব মহল্লায় অন্যন্য এলাকার চেয়ে করোনা সংক্রমণের হার বেশি। মহল্লাগুলোতে করোনা নিয়ে সচেতনতার জন্য মাইকিং ও মাস্ক বিতরণ করছে পৌরসভা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মাস্ক ছাড়া কোনো ব্যক্তি শহরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া শহরের ছোট ছোট যানবহান চলাচল সীমিত করা হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, সংক্রমণ বৃদ্ধি নিয়ে জরুরি সভা হয়েছে। সভায় বেশি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আরো কয়েকটা দিন সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। তাছাড়া শহরের দোকানপাটে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। যেসব দোকানপাট নির্দেশনা মানবে না, তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে।
