সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) পর চতুর্থ প্রজন্মের আরও একটি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। গ্লোবাল ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্তির অংশ হিসেবে ইস্যু ম্যানেজার নিয়োগ দিয়েছে ব্যাংকটি। এ নিয়ে চতুর্থ প্রজন্মের মোট তিনটি ব্যাংক পুঁজিবাজারে আসছে। ইতিমধ্যেই এনআরবিসি ব্যাংক তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে।
গ্লোবাল ইসলামী ব্যাংক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ শেয়ার ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্টসকে নিয়োগ দিয়েছে।
এ উপলক্ষে গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, লংকাবাংলা ইনভেস্টমেন্টসের চিফ এক্সিকিউটিভ অফিসার ইফতেখার আলম চুক্তি স্বাক্ষর করেছেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারোয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের হেড অব ইস্যু ম্যানেজমেন্ট এইচ এ মামুন, লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফফাত রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
