মাত্র তিন দিনে দিনাজপুরের হিলিতে আমদানিকৃত ও দেশীয় দুই জাতের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ১৩ টাকা করে। তিন দিন আগে প্রতি কেজি আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ ৪২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফিরোজ হোসেন ও মনিরুল ইসলাম বলেন, আইপি শেষ হয়ে যাওয়ার কারণে গত এক মাসের বেশি সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ না থাকায় পেঁয়াজের দাম বাড়ছে।
এদিকে পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট বা অনুমোদন (আইপি) না থাকায় এক মাসের বেশি সময় ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে গত কয়েক দিনের ব্যবধানে হিলিসহ সারা দেশে হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এমন অবস্থায় দেশের বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মত হয়েছে বলে জানায়।
