কৃষি মন্ত্রণালয়ে ২ দশমিক ৬৮ শতাংশ বরাদ্দ বেড়েছে

আপডেট : ০৪ জুন ২০২১, ০২:২৮ এএম

কৃষি মন্ত্রণালয়ে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৯৮৬ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। আসছে অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ১৯৭ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে কৃষিতে বার্ষিক উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩০ কোটি টাকা এবং পরিচালন ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬৭ কেটি টাকা। বাজেটে খাদ্য, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মিলে বরাদ্দ রাখা হয়েছে ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা।

এদিকে আগামী অর্থবছরে ৫০ হাজার হেক্টর জমিতে হাইব্রিড বোরো চাষের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে ২০ লাখ ৫৫ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে কৃষিতে ১৫ হাজার ৪৪২ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৫ কোটি টাকা। যা আগামী ২০২১-২২ অর্থবছরে বাড়িয়ে ১৬ হাজার ২০১ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৫৯ কোটি এবং সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৯৮৬ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেট প্রস্তাবনায় কৃষি মন্ত্রণালয়ে মোট বাজেটের ২ দশমিক ৬৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট প্রস্তাবনায় কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতের উপকরণগুলোর মধ্যে সার, বীজ ও কীটনাশক আমদানিতে শুল্কের হার শূন্য রাখা হয়েছে। দেশীয় চাষিদের প্রতিরক্ষণে গাজর ও মাশরুম আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণ এবং গাজর, কাঁচামরিচ, টমেটো, কমলা ও ক্যাপসিকামের ন্যূনতম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া লবণচাষিদের প্রতিরক্ষায় শিল্প মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে শিল্প লবণ (সোডিয়াম সালফেড/ডাইসোডিয়াম) আমদানিতে বিদ্যমান শুল্কহার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৭১১ কোটি টাকা। গত বাজেটে এ খাতের প্রস্তাবিত বাজেট ছিল ৫ হাজার ৪৭৮ কোটি টাকা এবং সংশোধিত বরাদ্দ ছিল ৪ হাজার ৩০১ কোটি টাকা। সংশোধিত বরাদ্দের অনুপাতে এ খাতে বরাদ্দ বাড়লেও গত বাজেটের প্রস্তাবিত বরাদ্দের তুলনায় ৭৬৭ কোটি টাকা বরাদ্দ কমেছে।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় বরাদ্দ বাড়লেও সংশোধিত বাজেটের চেয়ে বরাদ্দ কমেছে। আগামী অর্থবছরে এ মন্ত্রণালয়ে ৩ হাজার ৪৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৪৯ কোটি এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৮৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ৩ হাজার ৫২৫ কোটি এবং প্রস্তাবিত বাজেট ছিল ৩ হাজার ১৯৩ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত